কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ আটক ১

আটককৃত বর্তমানে কোস্ট গার্ডের কাছে হেফাজতে আছে
আটককৃত বর্তমানে কোস্ট গার্ডের কাছে হেফাজতে আছে | ছবি: এখন টিভি
0

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (মঙ্গলবার, ১৬ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের আলিখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় তৎপর রয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

জেআর