সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ এবং আম চাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ৫ থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া যাবে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি জাতের আম পাড়ার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আম পরিপক্বতা অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, ‘অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকবে।’





