পাবনায় টহল পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৬

সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ কয়েকজন
সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ কয়েকজন | ছবি: এখন টিভি
2

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির পুলিশ সদস্যদের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অফিসার ইনচার্জ (ওসি)খন্দকার শফিকুল ইসলামসহ ৬ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় হামলার এ ঘটনা ঘটে।

আজ (বুধবার, ২২ এপ্রিল) রাত আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে। জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ওসিসহ ৬ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:

আহতরা হলেন লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া। তারা সকলেই একই নৌ ফাঁড়িতে কর্মরত।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ