১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের ঋণ শোধ করেছে সরকার: মাহদী আমিন

মাহদী আমিন
মাহদী আমিন | ছবি: এখন টিভি
0

বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তাদের প্রথম ১০০ দিনে ৯০.৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। আজ (সোমবার, ২৫ মে) ‘সরকারের ১০০ দিন’ পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‘অগ্রাধিকারভিত্তিক নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এর সুযোগে একটি গোষ্ঠী সরকারের বিরুদ্ধে নানাভাবে গুজব ও অপপ্রচার করছে। প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নানাভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যা গণআকাঙ্খার সঙ্গে সাংঘর্ষিক।’

এছাড়া টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর করতে কাজ চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের উদ্দেশে সরকারের কাজ চলমান।’

তিনি বলেন, ‘দেশের প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। বন্ধ কলকারখানা পুনরায় চালু ও অর্থনীতিতে গতি আনতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে সরকার।’

রাজধানীর বায়ুদূষণের বিষয়ে মাহদী আমিন বলেন, ‘ঢাকার বায়ুদূষণ রোধে ২৫০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পথচারীদের চলাচল সহজ করা এবং একইসঙ্গে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করছে সরকার।’

এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা ফেরাতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি।

এসএস