আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে ট্রলারটির মালিক মো. বেল্লাল হোসেন ট্রলার বিকল ও জেলেদের আটকে পড়ার বিষয়টি তাকে জানান।
নিখোঁজ ও আটকে পড়া জেলেদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
পারিবারিক ও সমিতি সূত্রে জানা যায়, প্রায় পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে ১৭ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয় ‘এফবি জাহান’। কিন্তু সাগরে যাওয়ার দুই দিন পরই গত তিন দিন আগে হঠাৎ ট্রলারটির পাখা ভেঙে যায়। এতে ট্রলারটি পুরোপুরি বিকল হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভাসতে থাকে।
দীর্ঘ সময় নেটওয়ার্কের বাইরে থাকার পর, জেলেরা কোনোমতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসতে সক্ষম হন। এরপরই তারা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের এই ভয়াবহ বিপদের কথা জানান এবং দ্রুত উদ্ধারের আকুতি মিনতি করেন।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, আমরা খবর পাওয়ার পরপরই বিষয়টি কোস্টগার্ডের পশ্চিম জোনকে অবহিত করেছি। কোস্টগার্ডের একটি দল ইতিমধ্যে উদ্ধার অভিযানে নেমেছে। পাশাপাশি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও নিজস্ব উদ্যোগে জেলেদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সাগরে ভাসমান জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। তবে দীর্ঘ তিন দিন সাগরে ভাসমান থাকায় জেলেদের খাদ্য ও পানির সংকট তৈরি হয়েছে কিনা, তা নিয়ে চিন্তিত স্বজনেরা।





