নয় মাস পর ভোমরা বন্দর দিয়ে এলো ১০০ টন কাঁচা মরিচ

ভোমরা স্থলবন্দরে কাঁচামরিচ ভর্তি ট্রাক
ভোমরা স্থলবন্দরে কাঁচামরিচ ভর্তি ট্রাক | ছবি: এখন টিভি
0

প্রায় নয় মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল (সোমবার, ৩ আগস্ট) প্রথম দফায় ১০টি ট্রাকে প্রায় ১০০ টন কাঁচা মরিচ দেশে এসেছে। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সোমবার ১০টি ট্রাকে ভারতীয় কাঁচা মরিচ বন্দরে পৌঁছেছে।

শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে দ্রুত এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে। আমদানিকারকদের তথ্যমতে, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচা মরিচ রয়েছে।

আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, ‘আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১০টি ট্রাকে কাঁচা মরিচ আনা হয়েছে। মঙ্গলবার থেকে বাজারে এর প্রভাব দেখা যেতে পারে।’ এতে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভোমরা কাস্টমসের কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাক কাঁচা মরিচ নিয়ে বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুত সেগুলো দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।’

এদিকে ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর ফলে বাজারে সরবরাহ কমে যায়। গত প্রায় দুই সপ্তাহে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৫০ টাকা থেকে বেড়ে ৩০০ টাকায় পৌঁছেছে।

সাতক্ষীরা শহর কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ‘ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। এতে অল্প সময়ের মধ্যেই দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন।’

এএইচ