Recent event

শেখ হাসিনা ভারতেই আছেন নিশ্চিত করলো দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়

0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই আছেন বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ১৭ অক্টোবর) ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রানধীর জয়সোয়াল বলেন, 'শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন এবং তার বিষয়ে অবস্থান পরিবর্তন করেনি নয়াদিল্লি।'

তিনি আরও বলেন, 'নিরাপত্তাজনিত কারণে খুব অল্প সময়ের নোটিসে শেখ হাসিনা ভারতে আসেন। নিরাপত্তার কারণেই এখনও পর্যন্ত তাকে এখানে রাখা হয়েছে।'

এছাড়া, ভারত-বাংলাদেশের ভিসা নীতি কঠোর প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র বলেন, জরুরি কোনো সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সীমিতভাবে মেডিকেল ভিসা দেয়া হচ্ছে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হলে পুরোদমে ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

এছাড়াও, দুর্গাপূজার সময় বাংলাদেশে বিভিন্ন পূজামণ্ডপে হামলা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর জানায়, এ ধরনের খবর তাদের কানে এসেছে। কার্যকরী ব্যবস্থা নিতে এরইমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বলেও জানান জয়সোয়াল।

সেজু