বিক্ষোভের মুখে মাথায় হেলমেট পরতে হয় অভিষেককে। আজ (শনিবার, ৩০ মে) বিকেলে দক্ষিণ ২৪ পরগনা জেলার কামালগাছি, সোনারপুরে এ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
জানা যায়, বিকেলে কালীঘাট থেকে বের হয়ে সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে যাচ্ছিলেন অভিষেক। যাওয়ার পথে কামালগাছি এলাকায় তাকে কালো পতাকা দেখান নারীরা। এরপর সোনারপুর ঢুকতেই অভিষেককে ডিম ছোড়া হয়, ওঠে ‘চোর’ স্লোগান। একসময় তিনি গাড়ি থেকে নেমে একটি বাইকে চড়ে গন্তব্যে যেতে চাইলে সেখানেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও ক্রিকেট হেলমেট পরিহিত অভিষেক ব্যানার্জীকে ঘিরে উত্তেজিত জনতা চিৎকার করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুরক্ষা সরঞ্জাম পরা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।
সোনারপুরে নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করার পর সেই বাড়িতে বসেই অভিষেক বলেন , এ হলো ডাবল ইঞ্জিনের নমুনা। সবাই চেয়েছিল, ডাবল ইঞ্জিন হোক। ওরা চায়, আমাদের মেরে ফেলতে। মারুক। আমার লাশ এখান থেকে বেরবে। আমার মাথাটা বেঁচে গেল শুধু হেলমেট ছিল বলে। পুলিশ কোথাও নেই। সব ঘটনার ভিডিও রেকর্ড রইল। পুলিশকে খবর দেওয়া হোক। আমি এখান থেকে বেরিয়ে যেতেই পারি। কিন্তু এ পরিবারের উপর হামলা হবে তারপর। আমি এখন এদের ছেড়ে যেতে পারব না। বাহিনী পাঠিয়ে আগে নিরাপত্তা নিশ্চিত করা হোক।’
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ও বিরিন এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিরোধী দলের একজন শীর্ষ নেতার ওপর হামলা হয়েছে এবং তার জীবন ঝুঁকির মধ্যে পড়েছিল। তিনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে, এটি নির্বাচনের পর তৃণমূল নেতাদের ওপর হামলার প্রথম ঘটনা নয়। দুই দিন আগে উত্তর ২৪ পরগনার দমদম এলাকার চারবারের সাংসদ সওগত রায়কেও তার নিজ নির্বাচনি এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল।
স্থানীয় বাসিন্দারা বলছেন, অভিষেক নির্বাচনের সময় যে হুমকি দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের শাসনামলে যেভাবে দুর্নীতি হয়েছিল, সাধারণ মানুষ যেভাবে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন, পাশাপাশি সিন্ডিকেট অরাজকতা তৈরি হয়েছিল... তার বদলে এটাই তার প্রাপ্য। অনেক কম করা হয়েছে। আরও বেশি করা উচিত ছিল।
তাদের প্রশ্ন, কলকাতার আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নিহত তরুণী চিকিৎসক ছাত্রীর মৃত্যুর পর তখন কেন তার বাড়িতে অভিষেক যান নি?





