Recent event

কলাবাগানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ২

1

রাজধানীর কলাবাগান এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র, গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. শুভ ও মো. শাকিল হোসেন। গতকাল (শুক্রবার) বিকাল ৫টা ৪৫ মিনিটে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশে একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছে থাকা দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ দুইটি স্টিলের পিস্তল, ১২ বোর কার্তুজসহ একটি দেশীয় স্টিলের পাইপ গান, একটি এয়ার গান, একটি ইলেকট্রিক শক (টিজার), দুইটি চাপাতি, তিনটি দেশীয় লোহার ছুরি, একটি লোহার চাইনিজ কুড়াল, একটি দেশীয় লোহার দা , তিনটি মোবাইল ফোন ও একটি ওয়েব ক্যাম উদ্ধার করা হয়।

কলাবাগান থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাবাগান থানার লাল ফকিরের মাজারের পাশের একটি ভবনের বাসায় অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমাণ দেশী ও বিদেশি অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। কলাবাগান থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এএইচ