Recent event

এস আলম গ্রুপের সম্পত্তির তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ

0

এস আলম গ্রুপের শেয়ার হোল্ডারদের সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে ৪ সপ্তাহের রুলও জারি করা হয়েছে। আজ (রোববার, ২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে ৪ সপ্তাহের এ রুল জারি করা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. রোকনুজ্জামান।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয়।

রিটে এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সব স্থাবর সম্পত্তির তালিকা দাখিল করার নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ব্যারিস্টার মো. রোকনুজ্জামান এ রিট দায়ের করেন।

এর আগে, ১১ সেপ্টেম্বর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপ, এর শেয়ারহোল্ডার পরিচালক ও অন্যান্য ব্যবসাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গ্রহণ করা মোট ঋণের পরিমাণ, বর্তমান অবস্থা এবং দায়সহ কয়েকটি বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিতে ও ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী আইনজীবী।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর, অর্থসচিব, আইনসচিব, দুদক চেয়ারম্যান, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই নোটিশ পাঠানো হয়।

এএইচ