এত ক্লিনিক গড়ে ওঠার পেছনে চিকিৎসকরাই দায়ী: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
1

‘উপজেলা কমপ্লেক্সগুলোর পাশে অনেক ক্লিনিক গজিয়ে উঠেছে’— এমনটি জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, এত ক্লিনিক গজিয়ে ওঠার পেছনে আপনারাই (চিকিৎসকরা) দায়ী।

আজ (শনিবার, ১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের অনুরোধ জানিয়ে বলেন, ‘আপনারা যারা ডাক্তার দয়া করে রোগীকে ওই লোকাল হাসপাতালে পাঠিয়েন না। খেয়াল রাখবেন, দালালগুলো যেন রোগীকে কেড়ে নিয়ে ওই ক্লিনিকে নিয়ে যেতে না পারে। গ্রামের দরিদ্র মানুষেরা নিঃস্ব হয়ে যায়।’

আরও পড়ুন:

রোগীদের ক্লিনিকে না পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রোগীরা গরীব হয়ে গেলে তাদের দরজা বন্ধ হয়ে যাবে। আপনারা এ বিষয়ে সহযোগিতা করবেন।’

এরই মধ্যে অনেকগুলো ক্লিনিকসহ ব্লাডক্যাম্প বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এ ধরনের কার্যক্রম আরও চলমান থাকবে বলেও জানান তিনি।

ব্যাঙের ছাতার মতো আরও ক্লিনিক যেন গজিয়ে উঠতে না পারে, এ বিষয়ে চিকিৎসকদের সচেতন থাকার আহ্বানও জানান তিনি।

এফএস