দেশে ফিরেছেন এশিয়া কাপে পদকজয়ী আর্চাররা

আর্চারদের বরণ করে নিয়েছে দেশের আর্চারের অন্যতম পৃষ্ঠপোষক সিটি গ্রুপ
আর্চারদের বরণ করে নিয়েছে দেশের আর্চারের অন্যতম পৃষ্ঠপোষক সিটি গ্রুপ | ছবি: এখন টিভি
0

ইরাকের সুলাইমানিয়ায় এশিয়া কাপ আর্চারিতে সাফল্যের পতাকা উড়িয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের আর্চাররা। নারী ও পুরুষ দলগত ইভেন্টে সোনার পাশাপাশি ব্যক্তিগত ইভেন্টেও এসেছে পদক। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তারা। এ সাফল্য ধরে রেখে আরও বড় মঞ্চে পৌঁছানোকেই পরবর্তী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আর্চাররা।

ইরাকের সুলাইমানিয়ায় এশিয়া কাপ আর্চারির লেগ-২ এ বাংলাদেশের আর্চারদের পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মতো। নিজেদের ঝুলিতে ৩টি স্বর্ণ, ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জসহ মোট ১০ পদক নিয়ে আজ (রোববার, ১ নভেম্বর) ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আর্চার দল। এসময় তাদের বরণ করে নেন ফেডারেশনসহ দেশের আর্চারের অন্যতম পৃষ্ঠপোষক সিটি গ্রুপ।

পদক জয়ী আর্চাররা জানান, এশিয়ার মঞ্চে জয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার লক্ষ্য আরও বড় মঞ্চে নিজেদের প্রমাণ করা।

নতুন প্রজন্মের এই সাফল্যকে দীর্ঘমেয়াদে ধরে রাখা এবং আরও বড় প্রতিযোগিতার উপযোগী করে তোলাই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিম ম্যানেজার তাজুল হোসাইন বাপ্পি বলেন, ‘তারা যদি একটা সঠিক পরিবেশ পায়, মানসিক এবং শারীরিক সবদিক থেকেই তারা ফিট থাকে, এরকম একটা পরিবেশের মধ্যে চাপমুক্তভাবে তারা যদি খেলতে পারে, তাহলেই শতভাগ সাফল্য সম্ভব।’

এবারের আসরে কিছু বির্তক থাকলেও ভবিষ্যতের জন্য তরুণ খেলোয়াড়দের উপর আস্থা রাখছেন ফেডারেশন সভাপতি। এই খেলোয়াড়রা সামনের যুব চ্যাম্পিয়নশিপ খেলারও প্রত্যাশা তার।

আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘আমরা পুরনো আলোচনা করবো না। নতুনদের আমরা উৎসাহ দেবো। সামনে আমাদের যুব চ্যাম্পিয়নশিপ আছে, সেখানে তারা যাবে। তাদেরকে উৎসাহিত করা উচিত। আশা করি তারা ভালো করবে।’

ক্রীড়া সচিব জানান, লাখ টাকা ভাতা পাচ্ছেন খেলোয়াড়রা। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তাদের বছরব্যাপী প্রশিক্ষণের পরিকল্পনা করছে সরকার।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান বলেন, ‘এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আর্চারি ফেডারেশনসহ প্রতিটি ফেডারেশন আগামীতে কোন টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এবং এর জন্য কী ধরনের প্রশিক্ষণ দরকার, সেটা আমরা বছরব্যাপী করবো। আমরা অল্প সময়ের জন্য নয়, একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছি।’

শুধু অংশগ্রহণ নয় আর্চারিদের সাফল্য পরবর্তী প্রত্যেকটি টুর্নামেন্টে পদক জয়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশা করেছেন সংশ্লিষ্টরা।

এসএইচ