আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে শুরু মেসির শেষ বিশ্বকাপ মিশন

আলজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ
আলজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচ | ছবি : সংগৃহীত
0

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। আর এই ম্যাচ দিয়েই শুরু হলো সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ মিশন। কাতারেই শিরোপা জিতে ক্যারিয়ারে পূর্ণতা পাওয়া মেসি অনেকটাই চাপমুক্ত। তবে প্রিয় তারকার বিদায়বেলায় রূপকথার অপেক্ষায় ভক্তরা।

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের শুরুতেই প্রতিপক্ষ আলজেরিয়া। কিন্তু এই ম্যাচ কি শুধুই একটি বিশ্বকাপ ম্যাচ? হয়তো ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর বিদায়যাত্রার প্রথম অধ্যায়ের শুরু এখানেই। এই ম্যাচ থেকেই যে শুরু লিওনেল মেসির শেষ বিশ্বকাপ মিশন।

কানসাস সিটি স্টেডিয়ামে বল গড়াতেই দিকে কোটি কোটি চোখ থাকবে মেসির দিকে। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে অধরা স্বপ্ন পূরণ করেছিলেন মেসি। এবার তিনি শিরোপা রক্ষার অভিযানে। বিশ্বকাপ ইতিহাসের তিনজন ফুটবলারের একজন হিসেবে ষষ্ঠ আসরে সর্বকালের সেরা এ ফুটবলার।

২০০৬ সালে প্রথমবার বিশ্বমঞ্চে নামা। এরপর হার, হতাশা, সমালোচনা, ব্যর্থতার পাহাড় কী পেরোতে হয়নি মেসিকে? সব বাধা জয় করে কাতারে বিশ্বজয়ের হাসি হেসেছিলেন তিনি। এখন আর নিজেকে প্রমাণের কিছু নেই। তবুও মেসি আছেন, কারণ প্রতিযোগিতা তার রক্তে।

আরও পড়ুন:

গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আলজেরিয়ার পর অপেক্ষায় আছে অস্ট্রিয়া ও জর্ডান। ফল যা-ই হোক, এই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ এখন স্মৃতির অংশ। মেসির প্রতিটি স্পর্শ, পাস, গোল উদযাপন- সবকিছুই যেন একেকটি বিদায়ের ফ্রেম।

আর্জেন্টিনা মাঠে নামার সাথে সাথে ফুটবলের এক সোনালি অধ্যায়েরও যেন শেষ যাত্রা। বিশ্বকাপ শেষে হয়তো মেসির পাশে থাকবে সোনালী ট্রফি, হয়তো থাকবে না। কিন্তু আসর শেষে যখন তিনি বিদায় বলবেন, তখন শুধু আর্জেন্টিনা নয়, কাঁদবে পুরো ফুটবল বিশ্ব।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি এখন একজন কিংবদন্তির শেষ বিশ্বকাপের প্রথম পৃষ্ঠা। কোটি ভক্ত অপেক্ষায়, মেসির বিদায়টা যেন হয় আরেকটি রূপকথা দিয়ে। কারণ, সামনে আরও বিশ্বকাপ হবে। নতুন অনেক তারকাও আসবেন। কিন্তু মেসির মতো কেউ আর কখনও ফিরবেন না।

এফএস