মাঠের বাইরে বিশ্বকাপের উন্মাদনা; ফেলে দেয়া চুলেই ফুটে উঠছে শিল্পকর্ম

কাটা চুলে শিল্পকর্ম
কাটা চুলে শিল্পকর্ম | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে মাঠের গণ্ডি পেরিয়ে শিল্পের জগতেও। আর সেই উন্মাদনাকে ভিন্ন মাত্রা দিয়েছেন লিবিয়ার এক নাপিত। গ্রাহকদের ফেলে যাওয়া চুল ব্যবহার করে তিনি তৈরি করছেন বিশ্বকাপ তারকা ফুটবলারদের প্রতিকৃতি এবং বিশ্বকাপ ট্রফির নান্দনিক শিল্পকর্ম। কীভাবে চুলের কাটা অংশ পরিণত হচ্ছে নজরকাড়া শিল্প।

লিবিয়ার ছোট্ট শহর টোকরার এক নাপিত এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। ৩৪ বছর বয়সী মারওয়ান আলাউগ্রি তার গ্রাহকদের কাটা চুল দিয়েই তৈরি করেছেন ২০২৬ ফিফা বিশ্বকাপের লোগো।

সাধারণত চুল কাটার পর সেগুলো ফেলে দেয়া হয়। কিন্তু মারওয়ান সেই চুলকেই শিল্পের উপকরণে পরিণত করেছেন। নিজের বারবারশপের মেঝেতে তিনি নিখুঁতভাবে সাজিয়ে তুলেছেন বিশ্বকাপের প্রতীক, যা দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমী ও শিল্পপ্রেমীরা।

মারওয়ান জানান, আঁকাআঁকির প্রতি তার ভালোবাসা অনেক দিনের। তাই নিজের পেশার সঙ্গে শিল্পকে মিলিয়ে তিনি তৈরি করেন নানা ধরনের ব্যতিক্রমী কাজ। এর আগে কাটা চুল দিয়ে তিনি বিখ্যাত ক্রীড়াবিদদের প্রতিকৃতি এবং আরও অনেক সৃজনশীল ছবি তৈরি করেছেন।

আরও পড়ুন

বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপের আবহই আলাদা। সবাইকে এটি অনুসরণ করা উচিত এবং উপভোগ করা উচিত। এমন মুহূর্তগুলো, যতই ছোট হোক না কেন, তরুণদের অনুপ্রাণিত করতে পারে।’

২০২৬ ফিফা বিশ্বকাপে যৌথ ভাবে আয়োজন করছে মেক্সিকো,যুক্তরাষ্ট্র ও কানাডা। আর সেই বিশ্বকাপের উন্মাদনাকে ভিন্নভাবে উদযাপন করতেই মারওয়ানের এ অনন্য উদ্যোগ।

কাটা চুল দিয়ে শিল্পকর্ম তৈরির এই ব্যতিক্রমী ভাবনা প্রমাণ করে, সৃজনশীলতার কোনো সীমা নেই। একটু কল্পনা আর ভালোবাসা থাকলে, ফেলে দেয়া জিনিসও হয়ে উঠতে পারে অসাধারণ শিল্প।

জেআর