বিশ্বকাপে হারা সমর্থকদের জন্য মেক্সিকো সিটিতে ‘লুজার্স ক্যাফে’

লুজার্স ক্যাফে
লুজার্স ক্যাফে | ছবি : সংগৃহীত
0

বিশ্বকাপে মেক্সিকো সিটির প্রাণকেন্দ্র কন্ডেসা এলাকায় চালু হয়েছে ‘লুজার্স ক্যাফে’। খেলাধুলায় জয় যেমন আনন্দের, তেমনি পরাজয়ও খেলারই অংশ। কিন্তু হারের কষ্ট ভুলতে কতজনই বা পাশে থাকে? ২০২৬ ফুটবল বিশ্বকাপে সেই হার মানা সমর্থকদের জন্যই অভিনব এক উদ্যোগ নিয়েছে সুইডিশ প্ল্যান্ট-বেইজড মিল্ক ব্র্যান্ড ওটলি।

নাম শুনে অবাক লাগলেও উদ্দেশ্য একেবারেই ইতিবাচক। বিশ্বকাপে আপনার প্রিয় দল যদি হেরে যায় কিংবা টুর্নামেন্ট থেকে বিদায় নেয়, তাহলে সেই দলের জার্সি গায়ে দিয়েই এই ক্যাফে থেকে পাওয়া যাবে এক কাপ ফ্রি পানীয়। হারের কষ্টে একটু স্বস্তি আর সমর্থকদের মুখে হাসি ফেরাতেই এই আয়োজন।

শুধু বিনামূল্যের পানীয় নয়, প্রতিদিন সকালে আগের দিন বিদায় নেওয়া দলগুলোর পতাকা ক্যাফের সামনে টাঙিয়ে তাদের সমর্থকদের প্রতি জানানো হয় বিশেষ সম্মান। এতে একে অপরের সঙ্গে দুঃখ ভাগাভাগি করার সুযোগও তৈরি হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার ২৪ বছর বয়সী সমর্থক ও ফটোগ্রাফার মনসে আগুইলারের দল কানাডার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তারপরও লুজার্স ক্যাফেতে এসে তিনি খুঁজে পেয়েছেন ভিন্নরকম এক অভিজ্ঞতা। তার ভাষায়, হারের পর এমন উদ্যোগ সত্যিই দারুণ এবং সমর্থকদের জন্য অনেক আনন্দের।

আরও পড়ুন:

এই উদ্যোগ বাস্তবায়নে ওটলি অংশীদার হয়েছে মেক্সিকো সিটির জনপ্রিয় কমপাই ক্যাফের সঙ্গে। ‘কমপাই’ শব্দটির অর্থ খুব কাছের বন্ধু। আর সেই বন্ধুত্বের বার্তাকেই যেন বাস্তবে রূপ দিয়েছে এই ক্যাফে।

ক্যাফের মালিক ভেনেজুয়েলার উদ্যোক্তা ইয়ান ইনফান্তে। এক দশক আগে নিজ দেশ ছেড়ে মেক্সিকোতে নতুন জীবন শুরু করেন তিনি। উদ্যোক্তা জীবনের অসংখ্য উত্থান-পতনের অভিজ্ঞতা থেকেই এই ভাবনার সঙ্গে নিজেকে সহজেই মিলিয়ে নিতে পেরেছেন।

তবে শুরুটা এত সহজ ছিল না। বিশ্বকাপের প্রথম সপ্তাহে অনেকেই বুঝতে পারেননি, হার উদযাপনের মতো বিষয় কীভাবে সম্ভব! কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চিত্র। এখন প্রতিদিনই হেরে যাওয়া দলের সমর্থকেরা ভিড় করছেন লুজার্স ক্যাফেতে।

কারণ এখানে পরাজয় মানে শুধু হতাশা নয়, বরং এক কাপ উষ্ণ পানীয়, কিছু সহমর্মিতা আর এক বার্তা খেলায় হার-জিত থাকবেই, কিন্তু সমর্থকদের ভালোবাসা কখনো হার মানে না।

এফএস