বারকোলা থেকে সালাহ, জমে উঠেছে ইউরোপের ট্রান্সফার মার্কেট

ইউরোপের ট্রান্সফার মার্কেট নিয়ে ক্লাব
ইউরোপের ট্রান্সফার মার্কেট নিয়ে ক্লাব | ছবি: সংগৃহীত
0

ইউরোপের ট্রান্সফার বাজারে যেন আগুন লেগেছে! একদিকে আর্সেনালের মেগা পরিকল্পনা, অন্যদিকে রিয়াল মাদ্রিদের কড়া অবস্থান। বারকোলা, ভিনিসিয়াস, ব্রুনো গুইমারেস থেকে শুরু করে মোহাম্মদ সালাহ একের পর এক বড় নাম ঘিরে জমে উঠেছে গুঞ্জন।

নতুন মৌসুম শুরুর আগেই ইউরোপের ক্লাবগুলো নেমেছে দল গোছানোর যুদ্ধে। আর সেই দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আর্সেনাল।

গানার্সদের নজরে আছে পিএসজির ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। তবে ২৩ বছর বয়সী এ তারকাকে ছাড়তে হলে গুনতে হবে ১৪৫ মিলিয়ন পাউন্ড। বারকোলাকে দলে ভেড়ানোর লড়াইয়ে আছে লিভারপুলও।

এদিকে আর্সেনালের স্বপ্নের তালিকায় রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র। স্প্যানিশ জায়ান্টরা তার দাম বেঁধে দিয়েছে ১৬০ মিলিয়ন ইউরো। এমনকি ভিনিসিয়াসকে ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি দিতেও প্রস্তুত আর্সেনাল। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম পছন্দ রিয়ালেই থেকে নতুন চুক্তি করা।

আর্সেনালের আরেক বড় লক্ষ্য নিউক্যাসলের মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। তাকে দলে নিতে আলোচনা আরও জোরালো করতে যাচ্ছে লন্ডনের ক্লাবটি। অন্যদিকে গিমারায়েসও চান, প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেয়ার আগেই নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করতে।

টটেনহ্যাম এগিয়ে আছে ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে দলে টানার দৌড়ে। আর রিয়াল মাদ্রিদ ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছে গেছে আরবি লাইপজিগের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্দের সঙ্গে।

এভারটনের সেনেগালিজ তারকা ইলিমান এনদিয়ায়েকে দলে নিতে আলোচনা শুরু করেছে সৌদি ক্লাব আল-হিলাল। অন্যদিকে পেদ্রো নেতোকে নিয়ে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও সৌদি ক্লাবগুলোর আগ্রহের মধ্যেও তাকে সহজে ছাড়তে রাজি নয় চেলসি।

এদিকে লিভারপুল ছাড়ার পর ফ্রি এজেন্ট হওয়া মোহাম্মদ সালাহকে চূড়ান্ত প্রস্তাব দিয়েছে তুরস্কের বেসিকতাস। এখন অপেক্ষা শুধু মিশরীয় কিংবদন্তির সিদ্ধান্তের।

এ ছাড়া জুভেন্টাস চায় ম্যানচেস্টার ইউনাইটেডের জোশুয়া জির্কজেকে, বার্সেলোনা আগ্রহী বোর্নমাউথের জুনিয়র ক্রুপিকে নিয়ে, আর বায়ার্ন মিউনিখ ছাড়তে পারেন জোয়াও পালিনহা।

মৌসুম শুরুর আগে ট্রান্সফার বাজারে এখনও বাকি অনেক নাটক। কোন তারকা শেষ পর্যন্ত কোন ক্লাবে নাম লেখান, সেটাই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষার বিষয়।

জেআর