সাফের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন তপু, বাদ পড়লেন জিকো; ইতিবাচক দেখছেন সাবেকেরা

সিটি ক্লাবের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন ও বাংলাদেশের ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি
সিটি ক্লাবের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন ও বাংলাদেশের ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি | ছবি: এখন টিভি
0

ইনজুরি পার করে সাফের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন রক্ষণের বিশ্বস্ত সৈনিক তপু বর্মণ। একইসঙ্গে থমাস ডুলির বিশ্বস্ত ২৮ জনের তালিকায় আছেন বিশ্বনাথ ঘোষ এবং উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিম। তবে, ডুলির স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি গোলরক্ষক জিকো। সাফের প্রাথমিক এই স্কোয়াড নিয়ে এখন টিভিকে নিজেদের পর্যালোচনা জানিয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় এবং কোচরা।

খুব বড় কোনো চমক ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ হেড কোচ থমাস ডুলি। স্ট্রাইকার হিসেবে মাহি খান এবং রোনাউল সুলভানের সংযুক্তি বড় খবর, সেই সঙ্গে আলোচনার খোরাক গোলরক্ষক আনিসুর রহমান জিকোর না থাকা।

২৮ জনের প্রাথমিক স্কোয়াডে ইনজুরি ফেরত খেলোয়াড় তিনজন। রক্ষণ দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক তপু বর্মণ ফিরেছেন ঘরের মাঠের সাফে। সঙ্গে আছেন রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ। সেই সঙ্গে লেফট উইঙ্গার ফয়সাল আহমেদ ফাহিমকেও পাচ্ছে বাংলাদেশ। তিনজনই দীর্ঘদিন ধরেই শুরুর একাদশে নিজেদের জায়গা ধরে রেখেছেন। এমন খেলোয়াড়দের স্কোয়াডে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক কোচ নূরুজ্জামান নয়ন।

সিটি ক্লাবের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন বলেন, ‘স্টাটিং ইলেভেনের যখন প্লেয়াররা না থাকে, তিনজন বা দুজন যেটাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু দলের মধ্যে একটা মানে উইকনেসের একটা প্রভাব আমরা দেখতে পাই। কিন্তু এই তিনজন যদি ফিরে আসে সে ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ আগের যে বাংলাদেশ দেখেছি আমরা এশিয়ান কাপে তার চেয়ে বেটার খেলবে।’

তবে সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির কাছে তপু বর্মণের ফেরাটা সবচেয়ে বড় খবর। সাফে চ্যাম্পিয়ন হতে গেলে তপুর অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন এমিলি।

বাংলাদেশের ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তপু বর্মণের ইনক্লুশনটা আমি মনে করি দলের স্ট্রেন্থ হিসেবে ভালো কাজ করবে। বিকজ আপনি যদি দেখেন আমরা যে ইন্দোনেশিয়াতে যে খেলেছি সেখানে ডিফেন্সিভ অর্গানাইজেশনে তপু বর্মণের এবসেন্সটা কিন্তু আমরা একদম টোটালি বুঝতে পেরেছি।’

বাম প্রান্তে বাংলাদেশের আক্রমণে আছেন ফারহান আলী, ওয়াহিদ সুকি, ইতিফুসা কিংবা ফাহমিদুল ইসলামের মতো খেলোয়াড়রা। তবে এমিলি মনে করেন লেফট উইঙ্গার হিসেবে শুরুর একাদশের জন্য মূল লড়াই হবে ফারহান এবং ফাহিমের মাঝে। দলের জন্য যা ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন তিনি।

সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি বলেন, ‘ফাহিমকে নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা করি। আল্টিমেটলি ফাহিম রিপ্লেস বা ফাহিম যে পজিশনটাতে খেলে, ফারহান আলী ওয়াহিদ এখন আসছে। সো দুইজনেরই কিন্তু একটা হেলদি কম্পিটিশন হবে। ফারহান আলী ওয়াহিদ যখন ফেল করবে তখন কিন্তু ফাহিম ওখানে গিয়ে ওই কাজটা সহজ করতে পারবে।’

থমাস ডুলির স্কোয়াড থেকে বাদ পড়বেন পাঁচজন। সাবেকদের চাওয়া নামের ভারে নয়, বরং যোগ্যতার বিচারেই সাফের স্কোয়াড সাজাবেন বাংলাদেশ কোচ।

এএম