বিশ্বকাপ ‘ক্লিনশিট’: ইতিহাসে গোলবারের নায়ক যারা

গোলরক্ষকের ফাইল ছবি
গোলরক্ষকের ফাইল ছবি | ছবি: এখন টিভি
3

গোলের খেলা ফুটবলে গোল ঠেকিয়ে ইতিহাস গড়েছেন অসংখ্য গোলরক্ষক। ফ্রান্সের ফ্যাবিয়েন বার্থেজ থেকে শুরু করে হালের ম্যানুয়েল নয়্যার, বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট রাখা গোলবারের সেই নায়কদের নাম ইতিহাসের পাতায় যেন লেখা স্বর্ণাক্ষরে।

৯০ মিনিটের যুদ্ধ। হাজারো গর্জন, গ্যালারিতে উত্তেজনা তুঙ্গে! কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এক মানুষ নিঃশব্দ, দৃঢ়। যিনি একাই থামিয়ে দেন স্বপ্ন ভাঙার গল্প। গোলপোস্টের সেই অতন্দ্রপ্রহরীরাই বিশ্বকাপের ক্লিনশিট নায়ক; ফুটবলের ভাষায় যাদেরকে ডাকা হয় ‘গোলরক্ষক’ নামে।

গোল মানেই উল্লাস, কিন্তু গোল রুখে দিয়েও নায়ক হওয়া যায়। বিশ্বকাপ ইতিহাসে সেই নায়কদের সিংহাসনে বসে আছেন দুই কিংবদন্তি— ফ্যাবিয়েন বার্থেজ ও পিটার শিলটন। ১৭টি ম্যাচে ১০টি ক্লিন শিট— ১৭ বার যুদ্ধক্ষেত্রে নেমে ১০ বার শত্রুকে পুরোপুরি থামিয়ে দেয়া! এ পরিসংখ্যানই বলে দেয়, গোলবারের সামনে অভেদ্য দেয়াল ছিলেন এ দুই গোলকিপার।

ফ্যাবিয়েন বার্থেজ ও পিটার শিলটনদের রেকর্ড ভাঙতে না পারলেও ৮টি ক্লিন শিট নিয়ে রেকর্ডবুকে আছেন নেদারল্যান্ডসের ইয়ান ইয়ং ব্লট। প্রতিপক্ষ স্ট্রাইকারদের থামিয়ে দেয়া আরেক নায়ক ব্রাজিলের লিও। যিনি প্রতিটি সেভে লিখেছেন প্রতিরোধের কবিতা। জার্মানির জেপ মাইয়ার ও ছিলেন একই ধাঁচের।

আরও পড়ুন:

ব্রাজিলের তাফারেল ছিলেন গোলবারের অতন্দ্র প্রহরী, ছিলেন সেলেসাওদের নির্ভরতা প্রতীক। আধুনিক ফুটবলে গোলরক্ষকদের বীরত্বগাঁথা গল্পে হুগো লরিসের নাম থাকবে প্রথম দিকেই। যার নেতৃত্বে ফ্রান্স অর্জন করেছে বিশ্বজয়ের তকমা। সাহসী গল্পের সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিলের গিলমার সঙ্গে আছেন বেলজিয়ামের থিবো কোরতোয়া।

এছাড়াও উরুগুয়ের ফার্নান্দো মুরসেলা ছিলেন নীরব কিন্তু নির্ভরযোগ্য গোলকিপার। স্পেনের ইকার ক্যাসিয়াস, যিনি ‘সেইন্ট ইকার’ নামেই ভক্তদের কাছে বেশি পরিচিত। তার এক সেভ বদলে দিয়েছিলো ফাইনালের ইতিহাস!

আর জার্মানির ম্যানুয়েল নয়্যার গোলরক্ষকের সংজ্ঞাকেই লিখেছেন নতুন করে। তাদের প্রত্যেকেরই ক্লিনশিট ৭টি করে—এ যেন এক বার্তা যে, ‘সময় বদলায়, কিন্তু দক্ষতা নয়’।

ফুটবল শুধু গোলের খেলা নয়, এটা প্রতিরোধেরও গল্প। যেখানে একজন গোলরক্ষক একটি দল, একটি দেশ, এমনকি একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখেন। এই ক্লিন শিট নায়করা প্রমাণ করেন যে, সবার পেছনে থেকেও নায়ক হওয়া যায়।

এসএইচ