প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে অভিষেক ঘটছে পাঁচ দেশের

নতুন পাঁচ দেশ
নতুন পাঁচ দেশ | ছবি: এখন টিভি
0

২০২৬ ফিফা বিশ্বকাপের মূলপর্বে প্রথমবার খেলতে নামবে পাঁচটি দেশ। বিশ্বজুড়ে ছয় অঞ্চলে দুই শতাধিক দেশের মাঝে হওয়া বাছাইপর্বের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গৌরব অর্জন করেছে দেশগুলো। আর তাই বিশ্বমঞ্চে খেলতে নামছে দেশগুলো।

ফিফা ফুটবল বিশ্বকাপ, যাকে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলে। একটি টুর্নামেন্ট, যা এক সুতোয় বাঁধে পুরো বিশ্বকে। চার বছর পরপর হওয়া এ টুর্নামেন্টে খেলার জন্য বাছাইপর্বের পরীক্ষায় অংশ নেয় দুই শতাধিক দেশ। যে অগ্নিপরীক্ষার নানা ধাপ পেরিয়ে প্রতিবারই নতুন কিছু দেশ মূল পর্বে জায়গা করে নেয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে হতে যাওয়া এবারের আসরেও প্রথমবারের মতো খেলার গৌরব অর্জন করেছে পাঁচটি দেশ।

শুরুটা কুরাসাওকে দিয়েই করা যাক। বিশ্বকাপে জায়গা নিশ্চিতের সঙ্গে সঙ্গে রেকর্ড গড়েছে দেশটি। পূর্বের ২২ আসরের কোনোবারই এত কম জনসংখ্যার দেশ ফিফা বিশ্বকাপের মূলপর্বে খেলেনি। টুর্নামেন্টের আগমুহূর্তে কোচ ইস্যুতে কিছুটা সংকটের মুখে থাকলেও মাথা উঁচু করেই বিশ্বকাপে খেলতে নামবে কুরাসাও।

আরও পড়ুন:

আফ্রিকা অঞ্চল থেকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলবে কেপ ভার্দে ও কঙ্গো রিপাবলিক। ১৯৭৪ সালে অবশ্য জায়ারে নামে অংশগ্রহণ করেছিলো কঙ্গো। তবে নতুন দেশ হিসেবে গঠিত হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে তারা। অন্যদিকে পশ্চিম আফ্রিকার অবহেলিত এক দেশ কেপ ভার্দে। যারা দীর্ঘদিন ধরেই লড়ছে শোষণ ও বর্ণবাদের বিরুদ্ধে। এবারের বিশ্বকাপে সমর্থকদের আনন্দের মুহূর্ত এনে দিতে লড়বে দেশটি।

এশিয়া থেকেও প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে নামবে দুটি দেশ। ২০১৪ সালে আন্তঃমহাদেশিয় প্লে অফে উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে হাতছোঁয়া দূরত্বে বাদ পড়েছিলো জর্ডান। এবার অবশ্য প্লে অফের সমীকরণে যেতে হয়নি তাদের। অন্যদিকে মধ্য এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে খেলতে নামবে উজবেকিস্তান। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় এশিয়ান ফুটবলে নতুন পরাশক্তি হওয়ার পথে হোয়াইট উলভসরা।

বিশ্বকাপে নবাগত দেশগুলো প্রতিবারই নানারকম চমক উপহার দেয়। ৪৮ দলের এবারের আসরেও বিশেষ আকর্ষণ হিসেবেই নামবে নবাগতরা।

জেআর