ফুটবল বিশ্বকাপে গোল-অ্যাসিস্টে শীর্ষ পাঁচে কারা?

ফুটবল বিশ্বকাপে গোল-অ্যাসিস্টে শীর্ষ পাঁচ খেলোয়াড়
ফুটবল বিশ্বকাপে গোল-অ্যাসিস্টে শীর্ষ পাঁচ খেলোয়াড় | ছবি: এখন টিভি
0

ফিফা বিশ্বকাপ যেখানে জন্ম নেয় ইতিহাস, রচিত হয় কিংবদন্তি। বিশ্বমঞ্চে গোল করা যেমন কঠিন তেমনি সতীর্থকে দিয়ে গোল করানো এক অনন্য শিল্প। জেনে নেয়া যাক, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ পাঁচ ফুটবল শিল্পীর কথা।

যুগে যুগে তারকা-মহাতারকারা দেশের হয়ে বিশ্বকাপ খেলতে এসে দলকে যেমন এনে দিয়েছেন গর্বিত মুহূর্ত ঠিক তেমনি ভারী করেছেন বিশ্বকাপে নিজেদের ব্যাক্তিগত রেকর্ডও। ফুটবল যেহেতু গোলের খেলা তাইতো গোলের সংখ্যা দিয়ে বিশ্বফুটবলে নিজেদের নিয়েছেন এক নতুন উচ্চতায়।

এদসোঁ আরান্তেস দো নাসিমেন্তো (পেলে)

কখনো গোল করে, কখনো বা গোলে অ্যাসিস্ট করে খেলোয়াড়রা দলকে এনে দিয়েছেন স্মরণীয় মূহুর্ত। এ তালিকায় শীর্ষে কারা? খুঁজলে পাওয়া যায় পরিচিত কিছু ফুটবল সুপারস্টারদের। তাদের মধ্যে সবার উপরে আছেন ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় পেলে। বিশ্বমঞ্চে ১৪ ম্যাচ খেলে গোল আর অ্যাসিস্ট মিলিয়ে ২১ গোলে অবদান তিনবারের বিশ্বজয়ী এ ফুটবলারের।

লিওনেল আন্দ্রেস মেসি কুচ্চিত্তিনি (লিওনেল মেসি)

তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন সর্বকালের আরেক সেরা ফুটবলার লিওনেল মেসিও। বিশ্বকাপে ২৬ ম্যাচে আর্জেন্টাইন মহাতারকার গোলের অবদান পেলের সমান ২১টিতে। আসন্ন বিশ্বকাপে ষষ্ঠ বারের মতো বিশ্বকাপে খেলতে নামবেন মেসি। পেলেকে ছাড়িয়ে এবার এ রেকর্ডটি এককভাবে নিজের করে নেয়ার সুযোগ পাবেন এলএমটেন।

মিরোস্লাভ জোসেফ ক্লোসা (মিরোস্লাভ ক্লোসা)

তালিকার তিনে নামটা জার্মানির গোল মেশিন মিরোস্লাভ ক্লোসার। এককভাবে বিশ্বকাপে গোল করার তালিকায় শীর্ষে থাকলেও ২৪ ম্যাচে ১৬ গোল আর ৩ অ্যাসিস্ট মিলিয়ে গোলে অবদানের তালিকার তিন নাম্বারে জার্মানিকে ২০১৪ বিশ্বকাপ জেতানো এ ফুটবলারের।

রোনালদো লুইস নাজারিও ডি লিমা (রোনালদো নাজারিও)

রোনালদো নাজারিও ব্রাজিলের আরেক পোস্টারবয়। বিশ্বকাপের ১৯ ম্যাচ খেলে তার নামের পাশেও আছে ১৯ গোলের অবদান। ব্রাজিলকে সর্বশেষ ২০০২ বিশ্বকাপ এনে দিতে রোনালদোর ছিলো বড় অবদান।

গেরহার্ড মুলার (জার্ড মুলার)

পশ্চিম জার্মানির বোম্বারখ্যাত জার্ড মুলার বিশ্বকাপে মাত্র ১৩ ম্যাচে ১৮ গোলে অবদান রেখে তালিকায় পরের অবস্থানে আছেন। তার নামের পাশেও আছে একটা বিশ্বকাপের শিরোপা।

এসএইচ