দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতার চেষ্টায় নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রে খাবারের বিশাল চালান পাঠিয়েছে সংস্থাটি।
বিশ্বকাপের সময়টায় দলের খেলোয়াড়দের জন্য ফেডারেশন এক হাজার কেজিরও বেশি খাবার পাঠিয়েছে। এর মাঝে ৩০০ কেজিই সামুদ্রিক মাছ। উত্তর ক্যারোলাইনার গ্রিনসবরোতে নরওয়ের দলীয় ক্যাম্পে পাঠানো খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে নরওয়েজিয়ান রেডফিশ, স্যামন, মাউন্টেন ট্রাউট এবং হ্যালিবাট। খেলোয়াড়দের পরিচিত খাদ্যাভ্যাস বজায় রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।
বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নরওয়ের প্রধান কোচ স্টালে সোলবাক্কেনও মজার মন্তব্য করেন। দলের খাবারের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তিনি।
বিশ্বকাপে নিজেদের প্রত্যাবর্তনের ম্যাচেই শক্তির জানান দিয়েছে নরওয়ে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে তারা।
অনেকের চোখেই এবারের আসরের 'ডার্ক হর্স' নরওয়ে। গ্রুপ পর্বে তাদের সামনে এখন আরও কঠিন পরীক্ষা। আগামী ২২ জুন নিউইয়র্কে সেনেগালের মুখোমুখি হবে দলটি। এরপর ২৬ জুন বোস্টনে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে খেলবে নরওয়ে।
দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপে ফিরে শুধু মাঠেই নয়, বাইরেও নিখুঁত প্রস্তুতির বার্তা দিচ্ছে নরওয়ে। এখন দেখার বিষয়, নিজেদের খাবারের এই বিশেষ আয়োজন হালান্ডদের কতদূর এগিয়ে নিতে পারে।





