কঠিন পরিস্থিতিতে মানিয়ে নেয়ার চেষ্টা করবো— কেপ ভার্দের ফরমেশন প্রসঙ্গে স্কালোনি

লিওনেল স্কালোনি
লিওনেল স্কালোনি | ছবি: সংগৃহীত
0

নকআউট নিশ্চিত হয়েছে আগেই। কেপ ভার্দের বিপক্ষে খেলার সূচিও নিশ্চিত আর্জেন্টিনার। জর্ডানের বিপক্ষে গ্রুপ ‘জে’র শেষ ম্যাচটা লা আলবিসেলেস্তেদের জন্য তাই কিছুটা আনুষ্ঠানিকতাই বলা চলে। এ ম্যাচে তাই বেঞ্চে থাকা খেলোয়াড়দের পরখ করার কথা জানালেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। কেপ ভার্দের খেলার ধরন অনুযায়ী নিজেদের প্রস্তুতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন, পরিস্থিতি কঠিন হলে আমরা সেটা মানিয়ে নেয়ার চেষ্টা করবো। কারণ মাঝে মাঝে পরিস্থিতির দাবিই থাকে সেটা।

লিওনেল মেসি থাকছেন না। সংবাদ সম্মেলনটাই আর্জেন্টিনা কোচ শুরু করলেন এমন এক ঘোষণা দিয়ে। আর তাতে নিশ্চিত হলো টানা ২৭ ম্যাচ পর বিশ্বকাপে আকাশী-সাদাদের শুরুর একাদশে থাকছেন না ‘লা পুলগা’।

জর্ডানের বিপক্ষে ম্যাচটাই আর্জেন্টিনার জন্য রীতিমতো পরীক্ষা-নিরীক্ষার। আগে থেকেই নিশ্চিত হয়েছে কাদের বিপক্ষে সেরা বত্রিশের লড়াই। সেই ম্যাচ সামনে রেখেই কি না লিওনেল মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত স্কালোনির।

স্কালোনি বলেন, ‘আমি এটার উত্তর দিচ্ছি, কারণ সত্যি বলতে এটা জানার অধিকার আপনাদের আছে। তবে শুরুর একাদশের কথা বললে, আমি এটা নিজের কাছেই রাখতে চাই। লিওর ব্যাপারে বলতে হলে, সে পরে মাঠে নামবে। আর আমার নিজের দলও তৈরি হয়ে আছে। তবে আমরা সেটা আগামীকাল দেখবো।’

মেসির পাশাপাশি শুরুর একাদশে আরও অনেকেই জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন। দলের প্রত্যেকেই বিশ্বকাপে সুযোগ পাওয়ার দাবিদার বলে উল্লেখ করেছেন স্কালোনি। জর্ডানের বিপক্ষে ম্যাচটায় তাই কিছুটা অন্যরকম আর্জেন্টিনাকেই দেখা যেতে পারে। সেই আভাসও দিয়ে রেখেছেন স্কালোনি।

আরও পড়ুন:

আর্জেন্টাইন কোচ বলেন, ‘জর্ডান সাধারণত পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলে। সেটাকে আপনি ৫-২-৩ বা ৫-৪-১ ফরমেশন বলতে পারেন। আর পরিস্থিতি কঠিন হলে আমরা সেটা মানিয়ে নেয়ার চেষ্টা করবো। কারণ মাঝে মাঝে পরিস্থিতির দাবিই থাকে সেটা। আর আপনি যদি চার ডিফেন্ডার নিয়ে খেলেন, এর অর্থ আপনাকে ভিন্নভাবে মাঠে মুভমেন্ট করতে হবে।’

মেসি না থাকলে তার জায়গায় নিকো পাজকে দেখার সম্ভাবনা রয়েছে। ইনজুরি আশঙ্কায় ক্রিশ্চিয়ান রোমেরোর না থাকাও প্রায় নিশ্চিত। শুরুর একাদশে নিকোলাস ওতামেন্ডিকে দেখা যেতে পারে। লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনাও পেতে পারেন বিশ্রাম। সামনে দেখা যেতে পারে লাউতারো-হুলিয়ান আলভারেজের জুটি।

প্রতিপক্ষ জর্ডানের অবস্থাও খুব সুখকর না। আলজেরিয়ার বিপক্ষে শেষ সময়ের গোলে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তবুও আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করার মানসিকতা দেখা গেলো কোচ জামাল সেলামির মাঝে।

আলবিসেলেস্তেদের বিপক্ষে এর আগে ম্যাচ না খেললেও নিজ দলের অতীত খুব একটা সমর্থন দিচ্ছে না তাকে। কনমেবল অঞ্চলের বিপক্ষে ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হার দেখেছে জর্ডান। সেই অতীতটাও ভাঙার মিশন তার দলের সামনে।

এসএইচ