
যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব বিবেচনায় ইরান: নিরাপত্তা পরিষদ
ইরানের সর্বোচ্চ নেতা-অধীন দেশের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উত্থাপিত ‘নতুন প্রস্তাব’ তারা পর্যালোচনা করছে—ইরানি গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় দফার সংলাপে বসতে রাজি নয় ইরান: তাসনিম নিউজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসতে ইরান এখনো কোনো সম্মতি দেয়নি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ আজ (শনিবার, ১৮ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আনাদুলু এ তথ্য জানিয়েছে।

ইরানি বন্দরে মার্কিন অবরোধ কখনোই বৈধ হবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া নৌ-অবরোধ তেহরান কখনোই মেনে নেবে না বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ। তুরস্কের আনতালিয়ায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের ‘হুকুম’ মানার দিন শেষ হয়ে গেছে বলেও তিনি মন্তব্য করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ইন্টারনেট ব্ল্যাক আউট ৫০তম দিনে
ইন্টারনেট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট নেটব্লকসের তথ্য অনুযায়ী, ইরানে সরকার-নিয়ন্ত্রিত ডিজিটাল অচলাবস্থা ৫০তম দিনে গড়িয়েছে।একটি বার্তায় নেটব্লকস জানায়, ইরানকে সাত সপ্তাহ ধরে বৈশ্বিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে এবং সংযুক্ত সমাজের ক্ষেত্রে এ ধরনের অচলাবস্থা ‘অভূতপূর্ব’। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধবিরতির আগে লেবাননে ‘উল্লেখযোগ্য সাফল্য’ পেয়েছে ইসরাইল
লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরাইলি সামরিক বাহিনী সেখানে ‘উল্লেখযোগ্য কৌশলগত সাফল্য’ পেয়েছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা। তবে এই যুদ্ধবিরতিকে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে ইসরাইলের ‘নতিস্বীকার’ হিসেবে দেখছেন দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকার বাসিন্দারা। সিএনএনের বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফের হরমুজের নিয়ন্ত্রণ নিলো ইরান; যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ
হরমুজ প্রণালি আবারও নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসির যৌথ সামরিক কমান্ড। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঘোষণা করেছে দেশের পূর্বাঞ্চল দিয়ে অতিক্রমকারী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা পুনরায় খুলেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক সোমবার
ইরানি সূত্রের বরাতে সিএনএন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী সোমবার (২০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চ-পর্যায়ের শান্তি আলোচনা সম্ভাবনা রয়েছে। আলোচনা সম্পর্কে অবগত ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

লেবানন আর কারো যুদ্ধের ময়দান হিসেবে ব্যবহৃত হবে না: দেশটির প্রেসিডেন্ট
লেবানন আর কারও যুদ্ধের ময়দান কিংবা খেলার গুটি হিসেবে ব্যবহৃত হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ কথা বলেন।

যুদ্ধবিরতির সময় ইরানে অস্ত্র পাঠানো হবে না বলে চীনের আশ্বাস—পিট হেগসেথ
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইসরাইল-ইরানের যুদ্ধবিরতির বিষয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করা হয়েছে যে যুদ্ধবিরতির সময় ইরানে কোনো অস্ত্র পাঠানো হবে না।

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে জবাবদিহিতায় আনতে চায় ইরান: ইসমাইল বাঘাই
ইরানের নেতৃত্বকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে তারা চাইছে বলে জানিয়েছে দেশটি। তারা বলেছে, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক ‘আইনের লঙ্ঘন’ এবং ‘যুদ্ধাপরাধ’। তুরুস্কের আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অচিরেই যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা হতে পারে: পাকিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরান অচিরেই আবার আলোচনা করতে আগ্রহী বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে দ্বিতীয় দফা আলোচনার স্থান বা তারিখ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।