‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন’, ট্রাম্পের অভিযোগে ঝুঁকিতে সম্পর্ক
মার্কিন নির্বাচনে চীনের হস্তক্ষেপ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিযোগ চীনের নেতা শি জিনপিংয়ের সঙ্গে তার ভঙ্গুর যুদ্ধবিরতিকে জটিল করে তুলতে পারে। দুই মাস পরই ওয়াশিংটনে দুই নেতার শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসন্ন নভেম্বরে কংগ্রেসের কঠিন নির্বাচনের মুখে রিপাবলিকানরা। এমন পরিস্থিতিতে গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) ভোটদান ব্যবস্থা ও নির্বাচন পরিচালনা নিয়ে দীর্ঘদিনের অভিযোগগুলো নতুন করে সামনে আনেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার মন্তব্যের বেশির ভাগই চীনকে ঘিরে ছিল। ট্রাম্প দাবি করেন, চীন অন্যায়ভাবে লাখ লাখ মার্কিন ভোটারের তথ্য সংগ্রহ করেছে। যদিও এর আগে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।