বেড়েছে রিজার্ভ

রিজার্ভ ও বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ ও বাংলাদেশ ব্যাংক | ছবি: এখন টিভি
0

চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪.৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এনিয়ে গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে ৪ দশমিক ৭৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩ দশমিক ৯০ বিলিয়ন ডলার।

আগস্টের প্রথম ১৭ দিনে দেশে ১ দশমিক ৮৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা ২০২৫ সালের একই সময়ে আসা ১ দশমিক ৪২ বিলিয়ন ডলারের তুলনায় ৩২ দশমিক ৬ শতাংশ বেশি। গত সোমবার একদিনেই দেশে ৯৮ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার অবস্থানেও অবদান রেখেছে। ১৮ আগস্ট পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালান্স অব পেমেন্টস ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ (এঅ্যান্ডবিডি-২) এর যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি কেন্দ্রীয় ব্যাংকের এ তথ্য জানান।

এনএইচ