আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমের শেষ দিকে চলনবিলে পাখি শিকারিদের তৎপরতা বেড়ে যায়। একটি চক্র শিকারের পর বকসহ বিভিন্ন পাখি জবাই করে বস্তায় ভরে গোপনে সিংড়া পৌর শহরের পারসিংড়া বেদেপল্লীতে বিক্রি করে আসছিল।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা উপজেলার আয়েশ গ্রামে অভিযান চালান। এসময় পাখি কেনাবেচার সময় পাঁচজনকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আরও পড়ুন:
আদালত পাকুরিয়া গ্রামের জনাব আলী, বিলপাকুরিয়া গ্রামের কাহার ও একই গ্রামের লিটনকে পাখি শিকারের অপরাধে দুই মাস করে কারাদণ্ড দেন।
এছাড়া পাখি শিকারে সহযোগিতার দায়ে পারসিংড়া বেদেপল্লীর ভ্যানচালক আবু হানিফকে সাত হাজার টাকা এবং বিলপাকুরিয়া গ্রামের হোসেন আলীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জবাই করা ৫০টি বক মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।




