প্রচলিত ব্যবস্থায় একজন সেবা গ্রহীতাকে তার কাঙ্ক্ষিত নাগরিক সেবা পেতে ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয়ে সশরীরে উপস্থিত হওয়া আবশ্যক ছিল। আবেদন দাখিল, প্রয়োজনীয় কাগজপত্র জমা, ফি পরিশোধ এবং সনদ সংগ্রহসহ সব কিছুই হতো ম্যানুয়াল পদ্ধতিতে। একটি সেবা গ্রহণের জন্য একাধিকবার যাতায়াতের প্রয়োজন হতো। ফলে ব্যয় হতো অতিরিক্ত অর্থ ও সময়। কখনো কখনো এর সাথে যোগ হতো অযাচিত ভোগান্তি।
নাগরিকের যাতায়াত, সময়, ব্যয় ও ভোগান্তি কমিয়ে সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি নাগরিক সেবা মাইগভপ্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করে শুরু হয় পাইলট কার্যক্রম।
সফল পাইলটিং শেষে অবশিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চ মাসে আয়োজন করা হয় তিনটি সেবা বিশ্লেষণ কর্মশালা। এতে সংশ্লিষ্ট ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় ৬৩ ধরনের নাগরিক সেবা পর্যালোচনা ও বিশ্লেষণ করে ডিজিটালাইজেশনের জন্য ১৯টি মৌলিক সেবা চিহ্নিত করা হয়। এসব সেবার বিপরীতে বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য তৈরি করা হয় ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম।
পরবর্তী সময়ে, ২০২৬ সালের জুন ও জুলাই মাসে সাতটি অঞ্চলভিত্তিক ভ্যালিডেশন কর্মশালার মাধ্যমে অনলাইন আবেদন ফর্ম, সেবা ফি, সেবার কার্যপ্রবাহ এবং টেমপ্লেট যাচাই ও চূড়ান্ত করা হয়।
এরপর, আগস্ট ও সেপ্টেম্বর মাসে সকল ক্যান্টনমেন্ট বোর্ডের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসারসহ মোট ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীকে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে সেবা ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়।
বর্তমানে, ১৯টি মৌলিক সেবার বিপরীতে তৈরি ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম মাইগভ প্ল্যাটফর্মে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখন থেকে নাগরিকগণ ঘরে বসে অনলাইনে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে সেবা ফি প্রদান এবং কিউআর কোড সংবলিত সনদ বা সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, অনলাইনে আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সেবা সম্পর্কে মতামত প্রদান করতে পারবেন।
অন্যদিকে, ক্যান্টনমেন্ট বোর্ড সমূহ একই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবে। এতে দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন, কাগজনির্ভরতা হ্রাস এবং সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদার করার সুযোগ সৃষ্টি হবে।
বর্তমান সরকারের সেবা সহজীকরণ ও ডিজিটাল রূপান্তরের অগ্রাধিকার বাস্তবায়নের ধারাবাহিকতায়, ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবাসমূহ মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির মাধ্যমে সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থাপনার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।





