Recent event

বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি
প্রবীণ দিবস উপলক্ষ্যে র‌্যালি | ছবি: এখন টিভি
0

‘একদিন তুমি পৃথিবী গড়েছ, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হল ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকাল দশটায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক।তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই আমরা মানবিক সমাজ গঠন করতে পারি। তাদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রবীণ ভাতা, হেলথ কার্ড ও প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে প্রবীণবান্ধব পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসতে হবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম।

এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সমাজসেবা অফিসার মো. জসিম উদ্দিন, নোয়াখালী কোস্টাল কেয়ার (এনসিসি) সাধারণ সম্পাদক এ. এস.এম.নাসিম সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

এএইচ