টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে ১৪৪ ধারা জারি

জেলা প্রশাসক কার্যালয়
জেলা প্রশাসক কার্যালয় | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের কালিহাতীর সহদেবপুর ইউনিয়নের দিমুখা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠকে ঘিরে দুই গ্রামসহ আশপাশের পাঁচ গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম লিখিতভাবে এ অফিস আদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দিমুখা ও মুন্দইল গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী এ ঈদগাঁ মাঠে দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করে আসছেন। তবে সম্প্রতি মাঠটির নাম পরিবর্তন ও মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ অবস্থায় সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। জারিকৃত আদেশ অনুযায়ী, ঈদের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ঈদগাঁ মাঠ ও সংলগ্ন প্রায় ৪০০ গজ এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইকিংসহ যেকোনো ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডও নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন:

তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ব্যক্তি এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একাধিকবার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে।’

এএম