ময়মনসিংহে তিন দিনব্যাপী শিশুদের আর্ট ক্যাম্প শুরু

শিশুদের আর্ট ক্যাম্পের উদ্বোধন
শিশুদের আর্ট ক্যাম্পের উদ্বোধন | ছবি: এখন টিভি
0

শহরের বুকে বেঁচে থাকা ব্রহ্মপুত্র নদ হারিয়েছে তার স্রোত, নাগরিক দূষণে বিবর্ণ হয়েছে পাতারা, আবার কোথাও দুপুর রোদ্দুরে গাছে গাছে লেগে আছে সবুজ পাতার উৎসব।

যদিও ‘নদীর ডাকে রঙের উৎসব’ লেগেছে সকাল থেকেই। স্কুল পড়ুয়া শিশু চিত্রশিল্পীদের নিয়ে ময়মনসিংহের বিভাগীয় চারুশিল্পী পর্ষদের আয়োজনে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতি বিজড়িত ব্রহ্মপুত্র নদের পাড়ে জয়নুল উদ্যানে শুরু হয়েছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প ও চিত্র প্রদর্শনী।

আজ (শুক্রবার, ২৭ মার্চ) সকালে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান।

আর্ট ক্যাম্পে নেই কোনো প্রতিযোগিতার দৌড়ঝাঁপ। শিশুরা তাদের চোখের সামনে প্রকৃতির যে রূপ, মানুষের যাপিত জীবনের নানা অনুষঙ্গ চোখ ভরে দেখছে, তাই যেন ক্যানভাসে ফুটিয়ে তুলছে রংয়ের বর্ণছটায়।

তুলি হাতে খুদে এই চিত্রশিল্পীরা বলছেন, সবুজ-শ্যামল গ্রাম বাংলার রূপ, মাধুরিই তাদের ছবির মূল রসদ আর অনুপ্রেরণা।

সারাবছর পড়াশোনার পাশাপাশি শিশুদের মনোজগতের সঙ্গে গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতির নিবিড় সম্পর্ক গড়তেই ২০২২ সাল থেকে এমন আয়োজন করে আসছে বলে জানান ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি মো. রাজন। আর্ট ক্যাম্প শেষে, ছড়া, গান কবিতা আবৃত্তি, জাদুসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এএইচ