মোটরসাইকেল চালকদের দাপটে জ্বালানি নিতে পারছে না অন্য যানবাহন

ময়মনসিংহের পেট্রোল পাম্প
ময়মনসিংহের পেট্রোল পাম্প | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের পেট্রোল পাম্পগুলোতে অস্থিরতা কমছে না। আজও (মঙ্গলবার, ৩১ মার্চ) জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। কোনো পাম্পে মোটরসাইকেলে ২০০ টাকা পেট্রোল-অকটেন দেয়া হচ্ছে। প্রাইভেটকারে দেয়া হচ্ছে এক হাজার টাকার। তবে মোটরসাইকেল চালকদের দাপটে অন্য কোনো যানবাহন পেট্রোল-অকটেন নিতে পারছেন না।

ময়মনসিংহের দিঘারকান্দা বাইপাস এলাকার স্টার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল নিতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের লাইন ছাড়ায় কয়েক কিলোমিটার। দুই থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না তেল।

তবে অনেক পেট্রোল পাম্পে মজুদ শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তি বেড়েছে মানুষের।

আরও পড়ুন:

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ তেল দিয়েও পরিস্থিতি শামাল দেয়া যাচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুই করার নেই তাদের।

তেল দেয়ার সময় পুলিশের উপস্থিতি চান পাম্প মালিকরা। গ্রাহকদের বেপরোয়া আচরণে ভীতসন্ত্রস্ত ফিলিং স্টেশনের মালিক-কর্মচারীরা।

স্টার ফিলিং স্টেশনের অ্যাকাউনটেন্ট শামসুর রহমান বলেন, ‘তেল দেয়ার সময় আমরা ভয়ে থাকি। ফিলিং স্টেশনে নিরাপত্তা দেয়ার জন্য আবেদন করা হলেও ব্যবস্থা নেয়া হয়নি। চরম বিশৃঙ্খলা হচ্ছে।’

এসএস