এর আগে গত সোমবার (৬ এপ্রিল) রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে মৌয়ালদের একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।
বনবিভাগ জানায়, ৬ এপ্রিল রাতে সুন্দরবনের কাচিকাটা এলাকায় ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে যায়। ভাসতে ভাসতে পরের দিন মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তারা সুন্দরবনের হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় গেলে তাদেরকে উদ্ধার করে বনকর্মীরা।
উদ্ধারকৃত জেলেরা হলেন— শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে লোকালয়ে নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন:
তবে এখনো নিখোঁজ রয়েছেন চার মৌয়াল। এরা হলেন শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার আমির মোল্লার ছেলে আকবর, ওহিদ মোল্লার ছেলে ওলিউর রহমান, আ. রহমান গাজীর ছেলে মিকাইল হোসেন এবং আইউব আলীর ছেলে ইকরামুল কবির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনে মধু আহরণে যান। গত সোমবার রাতে তারা ঝড়ের কবলে পড়েন। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো চারজন নিখোঁজ রয়েছে। এ খবর বৃহস্পতিবার সন্ধ্যায় পাওয়া মাত্রই রাতে সেখানে একটি টিম পাঠানো হয়েছে। বিষয়টি শ্যামনগর থানা, কোস্ট গার্ড ও বিজিবিকেও জানানো হয়েছে।’
এদিকে মৌয়ালদের নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে তারা বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর তৎপরতা কামনা করেছেন।





