বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে বাংলা নববর্ষ উদযাপন

বাংলা নববর্ষ উদযাপন
বাংলা নববর্ষ উদযাপন | ছবি: সংগৃহীত
0

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অম্বিকা ময়দানে এসে শেষ হয়।

বৈশাখী শোভাযাত্রায় রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল, গ্রামীণ ঐতিহ্যের প্রতীক গরুর গাড়ি ও নানা সাজে সজ্জিত হয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এতে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের নারী-পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন:

পরে অম্বিকা হলে জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী লোকসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ-উৎসবের পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ।

এএইচ