আজ যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে চলছে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে চলছে প্রস্তুতি | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী যশোর যাচ্ছেন আজ (সোমবার, ২৭ এপ্রিল)। সরকারপ্রধানকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলাশী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

ব্রিটিশ ভারতের প্রথম জেলা হলেও অবকাঠামোগত উন্নয়নে অনেকটাই পিছিয়ে যশোর। নেই সিটি করপোরেশন, জলাবদ্ধতা নিরসন, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থা, ইকোনমিক জোন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরবাসীর বিভিন্ন দাবি পূরণে আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাত্র দুই মাসের ব্যবধানে সেই প্রতিশ্রুতি পূরণে আজ যশোরে যাচ্ছেন তিনি। সফরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কাজে অংশ নেবেন তারেক রহমান। এছাড়া, যশোর মেডিকেলের ৫০০ শয্যার হাসপাতালের ভবনের নির্মাণকাজ উদ্বোধন করবেন। তাকে স্বাগত জানাতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেনাপোল স্থলবন্দরে ও নওয়াপাড়া নৌ-বন্দরে অবকাঠামা উন্নয়ন, ইপিজেড নির্মাণসহ যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের দাবি স্থানীয়দের।

স্থানীয়দের একজন বলেন, ‘আমাদের যশোর জেলায় একটি বিমানবন্দর আছে। আমরা আসলে চাই এই বিমানবন্দরটি আন্তর্জাতিক মানের হোক।’

অন্য আরেকজন বলেন, ‘বেনাপোল বন্দরের আধুনিকায়ন এবং বিশেষ করে বেনাপোল-যশোর থেকে বেনাপোলের ছয় লেনের রাস্তা, এইগুলো আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিতে হবে।’

আরও পড়ুন:

যশোরের স্থানীয়দের অন্য আরেকজন বলেন, ‘রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চাই। আমরা একটি মাত্র ট্রেন পেয়েছি বিকেলে। আমাদের সকাল বেলা একটি ট্রেন ভোর বেলা। এ জায়গা থেকে যাবে আর রাত্রিবেলা আসবে সেরকম আরেকটা ট্রেন আমরা তার কাছে চাই।’

প্রধানমন্ত্রীর যশোর সফরে স্থবির হওয়া উন্নয়নের চাকা সচল হবে বলে মনে করেন যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, ‘রাজনৈতিক অঙ্গীকার ছিলো নির্বাচনের আগে আমরা ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ স্থাপন করব। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

প্রধানমন্ত্রীর আগমন স্মরণীয় করে রাখতে জেলাজুড়ে সভা, মিছিল, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশস্থল ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছে প্রশাসন।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা নামফলক আছে ওখানে এখনও। সেই স্মৃতি বিজড়িত জায়গাতে গিয়ে এটা উন্মোচন করবেন। করার পরে খাল যেটা খনন করা হবে সেখানে নেমে উনি নিজ হাতে খনন করবেন। খনন করে সেখানে একটা সুধী সমাবেশ আছে, সেখানে উনি ভাষণ দেবেন। সেইগুলো প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এরই মধ্যে।’

সফরে ঐতিহ্যবাহী শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এফএস