সুনামগঞ্জের হাওরের ডুবন্ত নলকূপ থেকে ওঠছে গ্যাস

কাদাজল মিশ্রিত গ্যাস
কাদাজল মিশ্রিত গ্যাস | ছবি: এখন টিভি
0

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, ধর্মপাশার রাজাপুরের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষে ইতিমধ্যে পুরো তার হাওর পুরনো রূপে অর্থাৎ পানিতে টইটুম্বুর। ঠিক সেই মুহূর্তে হাওরের থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস ওপরে ওঠতে থাকে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন।

স্থানীয় বাসিন্দা রকি মিয়া বলেন, হাওরের মাঝে থেকে হঠাৎ দ্রুত গতিতে কাদাজল মিশ্রিত গ্যাস বের হতে থাকে। সেটি দেখতে আমরা এখানে ভিড় করেছি।

আরও পড়ুন:

ধর্মপাশার পাইকুরাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজ্জামেল হক বলেন, এই গ্রামের অনেক জায়গায় গ্যাসের খনি রয়েছে। তবে আজকে দুপুরে রায়পুরের হাওরের ডুবন্ত নলকূপ থেকে গ্যাস বের হয়ে উপরে উঠতে থাকে। বিষয়টি জেনে আমি নিজেও ঘটনাস্থলে এসেছি। তবে আপাতত এটি বন্ধ হয়ে গেছে।

ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, হাওরের ডুবন্ত একটি নলকূপ থেকে গ্যাস বের হচ্ছে বলে অনেকেই আমাকে কল দিয়েছে। তবে আমরা এখনও নিশ্চিত নই এটি গ্যাস নাকি অন্য কিছু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে এবং পরীক্ষা নিরীক্ষা করে বিষয়টি যাচাই করা হবে।

ইএ