সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে রয়েছে নলছিটিবাসী। ঝালকাঠি, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর ও মোংলা বন্দরের সঙ্গে নলছিটি এবং বরগুনা, পটুয়াখালী ও পায়রা বন্দরের সড়ক যোগাযোগ সহজ করতে সুগন্ধা নদীর ওপর সেতু নির্মাণ এখন সময়ের দাবি।
বক্তারা জানান, বর্তমানে একটি ফেরি ও অন্তত ছয়টি খেয়াঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও বিচারপ্রার্থীদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়।
সমাবেশে শিক্ষার্থী ইমন অভিযোগ করেন, জরুরি প্রয়োজনে রাতে নলছিটিতে আসতে গিয়ে তিনি খেয়াঘাটে সারারাত অপেক্ষা করেও ট্রলার পাননি। অটোচালক আল আমিন জানান, ফেরি না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যানবাহন পার করতে হয়েছে।
বক্তারা আরও বলেন, কয়েক বছর আগে এলজিআইডির পক্ষ থেকে সেতু নির্মাণের একটি প্রস্তাব পাঠানো হলেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। দ্রুত প্রকল্প অনুমোদন ও সেতু নির্মাণ কাজ শুরুর দাবি জানান তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য বরাবরে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া।





