ভোলায় অস্ত্র-গুলিসহ আটক ডাকাত

অস্ত্রসহ আটক ডাকাত
অস্ত্রসহ আটক ডাকাত | ছবি: এখন টিভি
0

ভোলার তজুমদ্দিনে অভিযান চালিয়ে একটি দেশিয় পাইপ গান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুটি রকেট ফ্লেয়ারসহ এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (বৃহস্পতিবার, ২৮ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টা থেকে বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত তজুমদ্দিন থানার মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট তজুমদ্দিন। এসময় চিহ্নিত ডাকাত ফেরদৌস ওরফে হেজু ডাকাতের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি দেশিয় পাইপ গান, দুই রাউন্ড তাজা কার্তুজ ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আরও পড়ুন:

কোস্ট গার্ড আরও জানায়, আটক ফেরদৌস ওরফে হেজু ডাকাতকে এর আগেও ২০২৫ সালের ২৭ মার্চ অস্ত্রসহ আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএ