শরীয়তপুরে পরিত্যক্ত বোমায় শিশুর হাত বিচ্ছিন্ন; উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

শরীয়তপুরের জাজিরায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল হাতে নিয়ে খেলার সময় বিস্ফোরণে রাহাত (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে তার দুই হাতের কবজি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ (শুক্রবার, ২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে শিশুটিকে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে খেলতে যায় রাহাত। এ সময় ক্ষেতের মধ্যে স্কচটেপে মোড়ানো একটি বস্তু দেখতে পায় সে। সেটিকে খেলনা মনে করে হাতে তুলে নেয়। পরে বস্তুটি নিয়ে খোলার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাহাতের দুই হাত গুরুতরভাবে জখম হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক জাতীয় বস্তু পড়ে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরক জাতীয় বস্তুর বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। কে বা কারা ককটেলটি সেখানে ফেলে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং বিস্ফোরকটি কোথা থেকে সেখানে এলো, সে বিষয়েও অনুসন্ধান করা হচ্ছে।

ইএ