আজ (রোববার, ৭ জুন) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। একই দাবিতে দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত কিছু সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা দাবি করেন, তাদের উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে এখনও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি।
ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতনকাঠামো প্রণয়ন।
এ ছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন ২০২৫ কে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর, ভুয়া চিকিৎসক পরিচয় দানকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও তাদের ৬ দফার অন্তর্ভুক্ত।
রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস কমিউনিটির সভাপতি শাফকাতুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের নিরাপত্তার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইনের দাবি জানানো হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। ইন্টার্ন শেষ করে আমরা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য যে পরীক্ষা দেই সেখানে প্রতিবারই ১১ হাজার টাকা করে রেজিষ্ট্রেশন ফি দিতে হয় যেটা সম্পূর্ণ অযৌক্তিক।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।’



 founder Abhijeet Dipke-320x167.webp)

