কুষ্টিয়ায় শিশুকে নিপীড়নের অভিযোগ, যুবককে গণধোলাই

গণপিটুনির প্রতীকী ছবি
গণপিটুনির প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

কুষ্টিয়া শহরে ১০ বছরের এক কন্যা শিশুকে নিপীড়নের অভিযোগে আছায় সরদার (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। আহত যুবককে পুলিশ পাহারায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অন্যদিকে ডাক্তারি পরীক্ষার জন্য একই হাসপাতালে শিশুটিকে নেয়া হয়েছে। আজ (রোববার, ৭ জুন) বেলা ১১টায় শহরের চরমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, চরমিলপাড়া এলাকায় বাড়ির পাশে বান্ধবীর সঙ্গে খেলা করছিল ওই শিশুটি। একপর্যায়ে আছায় নামে ওই যুবক শিশু দুটিকে প্রলোভন দেখিয়ে পাশের একটি স্কুলে নিয়ে যায়। সেখানে ওই যুবক নিপীড়নের অভিযোগ ওঠা শিশুটিকে একটি কক্ষে আটকে ফেলে এবং অপর শিশুটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়।

পরে ওই শিশুটি দৌড়ে বাড়ি এসে বিষয়টি সবাইকে জানিয়ে দিলে শিশুটির পরিবারের সদস্যরা ও এলাকার লোকজন স্কুলটিতে গিয়ে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

পুলিশের উপস্থিতিতেই আছায়কে ব্যাপক মারধর করে স্থানীয় লোকজন বিদ্যুতের লাইনের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে পুলিশ আটক করে হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী শিশুটির মা ও বাবা এ ঘটনায় অভিযুক্ত আছায়ের ফাঁসির দাবি করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. ইকবাল হাসান জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। এর আগে কিছু বলা যাচ্ছে না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। শিশুটির পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এএইচ