কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। একই কারণে সমুদ্রও রয়েছে উত্তাল।
এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র এখন বেশ উত্তাল। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। তবে বৈরী আবহাওয়ার মধ্যেও বর্ষার উত্তাল সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন কক্সবাজারে।
অনেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঢেউ উপভোগ করছেন, আবার কেউ ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত সময় পার করছেন।
আরও পড়ুন:
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় সৈকতের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড সদস্যরা। তারা নিয়মিত মাইকিং করে গভীর পানিতে না নামার আহ্বান জানাচ্ছেন। সৈকতের ঝুঁকিপূর্ণ তিনটি স্থানে লাল পতাকা টাঙানো হয়েছে। লাইফগার্ডদের ভাষ্য, বর্ষার সময় উত্তাল সমুদ্র যতটা আকর্ষণীয়, ততটাই ঝুঁকিপূর্ণ। তাই লাল পতাকা চিহ্নিত এলাকায় সমুদ্রে না নেমে সকলকে সতর্কতার সঙ্গে সৈকত ভ্রমণের আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপের প্রভাবে আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।





