ঝিনাইদহ সীমান্তে বিএসএফের ‘পুশ ইন’ চেষ্টা প্রতিহত করলো বিজিবি

ঝিনাইদহে পুশ ইনের শিকার হওয়া ব্যক্তিরা
ঝিনাইদহে পুশ ইনের শিকার হওয়া ব্যক্তিরা | ছবি: এখন টিভি
0

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয়জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (​শনিবার, ২৫ জুলাই) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামন্তা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

​বিজিবি সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায়। ওই দলে চারজন পুরুষ ও দু’জন নারী ছিলেন।

​তবে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই সামন্তা বিওপির বিজিবির একটি টহল দলের নজরে আসে। বিজিবির তৎপরতায় বাধা পেয়ে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুন:

বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

​ঘটনাটির বিষয়ে এরইমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

​মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন রোধে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবি জোরালো ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

এসএস