ঝিনাইদহে বিপুলপরিমাণ ‘এসকাফ সিরাপ’সহ গ্রেপ্তার ২

‘এসকাফ সিরাপ’সহ গ্রেপ্তার
‘এসকাফ সিরাপ’সহ গ্রেপ্তার | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২৮ বোতল অবৈধ ভারতীয় ‘এসকাফ সিরাপ’সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৬৬০ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৪ হাজার টাকা।

গতকাল (সোমবার, ২৭ জুলাই) রাত ১১টার দিকে মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মহেশপুর উপজেলার সামন্তা গোপালপুর গ্রামের মৃত তবিবার রহমানের ছেলে মো. আনসার কসাই ওরফে আশিক ইকবাল (৪০) এবং সামন্তা পটিপাড়া গ্রামের মৃত জাবের আলীর ছেলে মো. হারুন অর রশিদ (২৮)।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সীমান্ত এলাকা থেকে বাসে করে মাদকের একটি চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন খবরে মহেশপুর থানা পুলিশের একটি দল কলেজ বাসস্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসায়। পরে একটি বাস তল্লাশি করে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ১২৮ বোতল নিষিদ্ধ কোডিনযুক্ত পণ্য উদ্ধার করা হয়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটককৃত আসামি আনসার কসাইয়ের বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে।

জেআর