ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে, আহত ২৫

খাদে পড়ে যাওয়া বাস
খাদে পড়ে যাওয়া বাস | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ (রোববার, ২ আগস্ট) বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনতা, ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক হাসানুজ্জামান জানান, ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক পল্টি খেয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। দুর্ঘটনাকবলিত বাসটি উপরে তুলতে কিছু সময় লাগবে। ধারণা করা হচ্ছে বাসের নিচে আর কোনো যাত্রী নেই।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, বৃষ্টির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ২০/২৫ জন যাত্রী আহত হয়।

এএইচ