ময়মনসিংহে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু

নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু
নিরাপদ খাদ্য পরীক্ষাগারের কার্যক্রম শুরু | ছবি: এখন টিভি
2

ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফল জানানোর লক্ষ্যে ময়মনসিংহ বিভাগের জন্য একটি ‘ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার’ চালু করা হয়েছে।

আজ (সোমবার, ৩ আগস্ট) বেলা ১১টায় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার তার কার্যালয়ের সামনে এটির উদ্বোধন করেন। পরে তিনি পরীক্ষাগারটি পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠ পর্যায়ে নজরদারি আরও জোরদার করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগের চার জেলাজুড়ে এ ভ্রাম্যমাণ পরীক্ষাগারের কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাদ্য পণ্য পরীক্ষার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ফল পাওয়া যাবে। এছাড়া ভোক্তারা নিজেদের আনা খাদ্য নমুনাও বিনামূল্যে পরীক্ষার সুবিধা পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

এএইচ