আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; ট্রাক চালক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আব্দুল ওহাব, আল আরাফা বাসের চালক গাইবান্ধা জেলার বাসিন্দা কামাল ও সুপারভাইজার বাগেরহাট জেলার বাসিন্দা শোভন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন:
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় যান দুটি। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। হাসপাতালে পাঠায়।’
দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।





