শেরপুর সীমান্তে বিপুল প্রসাধনী সামগ্রী জব্দ

জব্দকৃত প্রসাধনী সামগ্রীসহ বিজিবি দল
জব্দকৃত প্রসাধনী সামগ্রীসহ বিজিবি দল | ছবি: এখন টিভি
0

শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী সামগ্রী) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ।

বিজিবি জানায়, শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে পালিয়ে যায় চোরাকারবারিরা।

পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব প্রসাধনীর আনুমানিক সিজার মূল্য প্রায় ১৮ লাখ ২ হাজার টাকা।

এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরণের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এ কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এএইচ