নিহত শিক্ষার্থীর নাম কানিজ ফাতেমা সোহা (১৪)। সে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। সোহা বগুড়া সদরের খামারকান্দি পশ্চিমপাড়ার শফিকুল ইসলামের মেয়ে।
আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বগুড়া শহরের বিসিক এলাকায় বিদ্যালয়টির অবস্থান। বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় বাসের ভেতরেই কানিজ ফাতেমা সোহা মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাসে থাকা শিক্ষার্থীদের উদ্ধার করে আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
আহতদের মধ্যে বাসের হেলপার একরামুল হক এবং শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনাস্থলের পাশেই একটি ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সড়কের ওপর ইট রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল কি না এবং বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।





