বিদ্যমান ক্যাডেট কলেজগুলোর আদলে গড়ে তোলা এ প্রতিষ্ঠানে একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গুণাবলি, নৈতিকতা, নেতৃত্ব, দেশপ্রেম, দায়িত্ববোধ, শৃঙ্খলা, ক্রীড়া ও ডিজিটাল লিটারেসিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি এসব তথ্য জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়। যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।’
এর আগে গত ২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের ফলক উন্মোচনের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন।
অধ্যক্ষ বলেন, ‘দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলাই এ শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটি চালুর ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের বিকাশ ঘটবে। মানসম্মত ও টেকসই শিক্ষা বিস্তারের পাশাপাশি এটি ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আরও কিছু অবকাঠামোগত নির্মাণকাজ শেষ হলে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে গার্লস উইং চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান অধ্যক্ষ।
সংবাদ সম্মেলনে এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের আধুনিক ও নান্দনিক এ শিক্ষা প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দেখানো হয়।





