পাহাড়ের বুকে পরিচ্ছন্নতার মডেল মুনলাই পাড়া

বান্দরবানের মুনলাই পাড়া
বান্দরবানের মুনলাই পাড়া | ছবি: এখন টিভি
0

পাহাড়ের গায়ে জলরঙে আঁকা এক নিটোল ছবি। বান্দরবানের রুমা সদর থেকে বগালেকের পথে মাত্র তিন কিলোমিটার এগোলেই চোখে পড়ে ছিমছাম, সাজানো পাহাড়ি জনপদ—মুনলাই পাড়া। সবুজের কোলঘেঁষা পথঘাট, পাহাড়ি বুনো ফুলের সুবাস আর পরিচ্ছন্ন পরিবেশ মুগ্ধ করবে যে কাউকে। দেশের অন্যতম পরিচ্ছন্ন গ্রাম হিসেবে পরিচিতি পাওয়া এই পাড়ার স্বপ্ন এখন আরও বড়—তাদের এ মডেল ছড়িয়ে পড়ুক সারাদেশে।

প্রতিটি ঘরের সামনে তাকালেই চোখে পড়ে বাসিন্দাদের সুরুচি ও পরিচ্ছন্নতার ছাপ। নিয়ম অনুযায়ী, প্রতিটি পরিবারকে প্রতিদিন অন্তত ১০ মিনিট সময় দিতে হয় ঘরের আঙিনা পরিষ্কারে। বর্ষা মৌসুমে প্রতিটি পরিবারকে দেওয়া হয় অন্তত ১০টি নতুন ফুলের চারা লাগানোর লক্ষ্য। পরিচ্ছন্নতার ধারাবাহিক চর্চার স্বীকৃতি হিসেবে প্রতি বছর সেরা পরিচ্ছন্ন বাড়িকে দেয়া হয় বিশেষ সম্মাননা।

১৩৮৩ বঙ্গাব্দে মাত্র ১৫টি বম পরিবার নিয়ে যাত্রা শুরু করা এই পাহাড়ি জনপদে এখন ৭০টি পরিবারের সাড়ে তিন শতাধিক মানুষের বসবাস। এই বাসিন্দাদের কাছে পরিচ্ছন্নতা তাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

স্থানীয় বাসিন্দারা জানান, পাড়াটা বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন দিয়ে এটা স্বীকৃতি পেয়েছেন। তারা ভবিষ্যতেও এই স্বীকৃতি ধরে রাখতে চাই।

মুনলাই পাড়ার তকতকে রূপের আড়ালে রয়েছে যৌথ শক্তির গল্প। এখানে ব্যক্তিগত লাভের চেয়ে গুরুত্ব পেয়েছে সামষ্টিক উন্নয়ন। পর্যটনকেন্দ্রিক কটেজ পরিচালনা, পর্যটকদের বিনোদন কিংবা ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের আয়োজন—সবকিছুতেই রয়েছে কমিউনিটির অংশগ্রহণ।

পর্যটন থেকে অর্জিত আয়ের একটি অংশ জমা হয় পাড়ার তহবিলে। সেখানকার টাকা শিশুদের শিক্ষা, জরুরি চিকিৎসা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে ব্যয় হয়। পর্যটকরা জানান, এখানে যারা বসবাস করেন তারা অনেক বেশি ভালো।

পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ এই গ্রাম নিয়ে গর্বিত স্থানীয় প্রশাসনও। তাদের মতে, মুনলাই পাড়ার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। একটি জনপদ কীভাবে সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন, সুন্দর ও আত্মনির্ভর হয়ে উঠতে পারে—মুনলাই পাড়া তারই দৃষ্টান্ত।

বান্দরবানের রুমা উপজেলার নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী বলেন, ‘যখন একটা পর্যটক এখানে নামবে, তারা এখান থেকে আসলে সুন্দর একটা শিক্ষা পাবে। কীভাবে একটা পাড়াকে, একটা গ্রামকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয়। এটা আসলে আমরা সবসময়, আমরা যখন কোনো মিটিং করি বা অন্যান্য পাড়ার—রুমার অন্যান্য পাড়াতেও আমরা যখন যাই, তাদেরকেও আমরা এই মুনলাই পাড়ার উদাহরণটা দেই।’

পরিচ্ছন্নতা, ঐক্য আর আত্মনির্ভরতার সমন্বয়ে গড়ে ওঠা মুনলাই পাড়া শুধু একটি পাহাড়ি জনপদ নয়, সম্ভাবনারও নাম। মুনলাই পাড়ার সম্মিলিত উদ্যোগের এ মডেল হয়ে উঠুক টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অনুপ্রেরণা।

জেআর